শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চায়ের সঙ্গী সব খাবার স্বাস্থ্যকর নয়

প্রকাশিত - ২৭ জুন, ২০২৬   ১১:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: এক কাপ গরম চা অনেকের দিনের শুরু ও বিকেলের আড্ডার অবিচ্ছেদ্য অংশ। তবে চায়ের সঙ্গে কী খাওয়া হচ্ছে, তা স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবারের সঙ্গে চা পান করলে হজমের সমস্যা, পাকস্থলীর অস্বস্তি এবং পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হতে পারে।

চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন শরীরে আয়রনসহ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের শোষণ কমিয়ে দিতে পারে। তাই ডিম, ডাল, পালং শাক বা অন্যান্য আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা পান করলে দীর্ঘমেয়াদে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়তে পারে।

এ ছাড়া সিঙাড়া, পুরি, পাকোড়া কিংবা অন্যান্য তেলেভাজা খাবারের সঙ্গে চা খাওয়ার অভ্যাসও স্বাস্থ্যকর নয়। এ ধরনের খাবারের সঙ্গে চা পান করলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

লেবু ও অন্যান্য সাইট্রাস ফলের সঙ্গে চা পান করলেও অনেকের ক্ষেত্রে পাকস্থলীর অম্লতা বেড়ে যায়। এর ফলে বুকজ্বালা, গ্যাস্ট্রিক বা পেটে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, হলুদযুক্ত খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চা পান করলে কিছু মানুষের হজমে সমস্যা হতে পারে। একইভাবে গরম চায়ের পরপরই ঠান্ডা পানি, কোমল পানীয় বা আইসক্রিম খেলে হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।

চায়ের সঙ্গে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মুড়ি, খই, ওটসের কুকিজ, ভেজানো কাঠবাদাম, চিড়া ও শুকনো ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব খাবার সহজপাচ্য এবং চায়ের সঙ্গে তুলনামূলকভাবে বেশি উপযোগী।

তবে সব মানুষের শারীরিক প্রতিক্রিয়া এক রকম নয়। কোনো খাবারের সঙ্গে চা পান করার পর নিয়মিত অস্বস্তি দেখা দিলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন