২৪ঘণ্টা অনলাইন: গ্রীষ্মের জনপ্রিয় ফল আম শুধু ফল হিসেবেই নয়, নানা ধরনের মজাদার খাবার তৈরিতেও ব্যবহার করা যায়। পাকা আম দিয়ে তৈরি পোয়া পিঠা হতে পারে বিকেলের নাশতা বা অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি আয়োজন। পরিচিত পোয়া পিঠার সঙ্গে আমের মিষ্টি স্বাদ যোগ হয়ে তৈরি হয় অনন্য এক স্বাদ।
যা লাগবে: পাকা আম ১টি, ময়দা ১ কাপ, সুজি আধা কাপ, চিনি ১ কাপ, দুধ ১ কাপ, পানি ১ কাপ, তেল ১ কাপ, ঘি ১ চা-চামচ, বাদাম কুচি পরিমাণমতো
প্রস্তুত প্রণালি: প্রথমে পাকা আমের পাল্প বের করে ভালোভাবে ব্লেন্ড বা পেস্ট করে নিন। এরপর এর সঙ্গে ময়দা ও সুজি মিশিয়ে নিন। ধীরে ধীরে দুধ যোগ করে মিশ্রণটি ব্যাটারের মতো তৈরি করুন।
অন্যদিকে চিনি ও পানি দিয়ে একটি হালকা সিরা তৈরি করে রাখুন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে ব্যাটার থেকে ছোট ছোট করে পিঠা ছেড়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন।
ভাজা পিঠাগুলো গরম থাকতেই চিনির সিরায় ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিন। সবশেষে ওপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু পাকা আমের পোয়া পিঠা।
সহজ উপকরণে তৈরি এই পিঠা আমপ্রেমীদের জন্য হতে পারে নতুন স্বাদের এক মজাদার আয়োজন।
