শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রোটিনের জন্য ডিম নাকি মুরগি?

প্রকাশিত - ০২ আগস্ট, ২০২৬   ১১:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে এখন প্রোটিনের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ওজন নিয়ন্ত্রণ, পেশি গঠন কিংবা দীর্ঘ সময় পেট ভরা রাখার জন্য অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম ও মুরগির মাংস রাখেন। তবে একই পরিমাণ ক্যালোরিতে বেশি প্রোটিন পেতে চাইলে—এই দুইয়ের মধ্যে কোনটি ভালো?

পুষ্টিবিদদের মতে, ডিম এবং মুরগির মাংস—দুটিই উচ্চমানের প্রোটিনের উৎস। তবে প্রোটিন, চর্বি ও অন্যান্য পুষ্টিগুণের দিক থেকে এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

পুষ্টিগুণে : যুক্তরাষ্ট্রেরযুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুডডেটা সেন্ট্রাল-এর তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম রান্না করা চামড়াবিহীন মুরগির বুকের মাংসে রয়েছে ৩১ গ্রাম প্রোটিন, ১৬৫ ক্যালোরি এবং মাত্র ৩.৬ গ্রাম চর্বি।

অন্যদিকে, ১০০ গ্রাম সেদ্ধ ডিমে রয়েছে ১২.৬ গ্রাম প্রোটিন, ১৫৫ ক্যালোরি এবং ১০.৬ গ্রাম চর্বি।

তথ্যগুলো থেকে দেখা যায়, ক্যালোরির ব্যবধান খুব বেশি না হলেও প্রোটিনের পরিমাণে মুরগির মাংস ডিমের তুলনায় অনেক এগিয়ে। একই সঙ্গে এতে চর্বিও তুলনামূলক কম।

বেশি প্রোটিন চাইলে মুরগির মাংস: যারা শরীরচর্চা করেন, পেশি গঠন করতে চান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য মুরগির বুকের মাংস একটি কার্যকর খাদ্য। এতে রয়েছে নিয়াসিন (ভিটামিন বি–৩), ভিটামিন বি–৬, ফসফরাস ও সেলেনিয়াম, যা শরীরের শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং পেশির স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া উচ্চ-প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘ সময় ক্ষুধা কমাতে সাহায্য করে। দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ তৃপ্তির অনুভূতি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ করে।

ডিমের বিশেষত্ব শুধু প্রোটিন নয়: প্রোটিনের পরিমাণ কম হলেও ডিমে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক ভিটামিন ও খনিজ। বিশেষ করে ভিটামিন এ, ডি, ই ও বি–১২ ছাড়াও ডিম কোলিনের অন্যতম ভালো উৎস, যা মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বজায় রাখতে সহায়ক।

এ ছাড়া Nutrients জার্নালে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের স্বাস্থ্য রক্ষায় কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

কোনটি আপনার জন্য ভালো?

যদি লক্ষ্য থাকে কম ক্যালোরিতে সর্বোচ্চ প্রোটিন পাওয়া, তাহলে মুরগির বুকের মাংসই ভালো বিকল্প। আর যদি প্রোটিনের পাশাপাশি ভিটামিন, কোলিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পেতে চান, তাহলে ডিমও খাদ্যতালিকায় রাখা উচিত।

বিশেষজ্ঞদের মতে, ডিম ও মুরগির মাংসকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। বরং দুটি খাবারেরই আলাদা পুষ্টিগুণ রয়েছে। তাই স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রয়োজন ও শারীরিক অবস্থার ভিত্তিতে দুটিই নিয়মিত খাওয়া যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন