শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডেটিং অ্যাপ ছেড়ে সুপারশপে প্রেম

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৬   ০৮:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজতে খুঁজতে ক্লান্ত অনেক সিঙ্গেল এখন বাস্তব জীবনেই নতুন সম্পর্কের সন্ধান করছেন। আর এ ক্ষেত্রে তাদের নতুন ঠিকানা হয়ে উঠছে সুপারশপ। ফিনল্যান্ডে বাজার করতে গিয়ে অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এই অভিনব প্রবণতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে সম্প্রতি চালু হয়েছে বিশেষ গোলাপি শপিং ঝুড়ি। সাধারণ ঝুড়ির পাশাপাশি রাখা এসব গোলাপি ঝুড়ি হাতে নেওয়ার অর্থ হলো—ব্যক্তিটি সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিষয়টি বেশ সাড়া ফেলেছে। গোলাপি ঝুড়ি নিয়ে তৈরি ভিডিওগুলো লাখ লাখবার দেখা হয়েছে। অনেকের মতে, ডেটিং অ্যাপের তুলনায় এ পদ্ধতিতে সরাসরি ও স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বেশি।

তবে সুপারশপে প্রেম খোঁজার প্রবণতা একেবারে নতুন নয়। ২০২৪ সালে স্পেনেও একই ধরনের একটি ট্রেন্ড ভাইরাল হয়েছিল। তখন সিঙ্গেলরা শপিং ট্রলিতে উল্টো করে আনারস রেখে নিজেদের নতুন সম্পর্কে আগ্রহের সংকেত দিতেন। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়কে অনেকে অনানুষ্ঠানিক ‘ডেটিং আওয়ার’ হিসেবেও ব্যবহার করতেন।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে অন্যতম কারণ ‘ডেটিং অ্যাপ ফ্যাটিগ’। দীর্ঘদিন ধরে অসংখ্য প্রোফাইল দেখা, অ্যালগরিদমনির্ভর ম্যাচ এবং একই ধরনের অনলাইন কথোপকথনে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন। ফলে বাস্তব জীবনে স্বাভাবিকভাবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ বাড়ছে।

সুপারশপে সবাই সাধারণত বাজার করার মতো একটি সাধারণ উদ্দেশ্যেই আসেন। তাই কোনো পণ্য নিয়ে কথা বলা, পরামর্শ চাওয়া কিংবা ছোটখাটো কথোপকথনের মাধ্যমে সহজেই পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশেও অনলাইন ডেটিংয়ের পাশাপাশি মানুষ রানিং ক্লাব, বই পড়ার আড্ডা, ভ্রমণ দল ও বিভিন্ন সামাজিক আয়োজনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা শুধু প্রেম খোঁজার নতুন কৌশল নয়; বরং অতিরিক্ত ডিজিটাল নির্ভরতার বাইরে গিয়ে বাস্তব জীবনের সামাজিক যোগাযোগকে গুরুত্ব দেওয়ারও ইঙ্গিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন