শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২০ সেপ্টেম্বর স্ত্রীর প্রশংসা করার দিন

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সংসার শুধু দায়িত্ব আর ব্যস্ততার নাম নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, যত্ন, ত্যাগ, অভিমান ও একসঙ্গে পথচলার নানা গল্প। এই পথচলায় একজন স্ত্রীর অবদান অনেক সময় নীরবেই থেকে যায়। পরিবারের সবার খেয়াল রাখা থেকে শুরু করে স্বামী-সন্তানের কঠিন সময়ে পাশে থাকা—প্রতিদিনের এসব কাজের জন্য আলাদা করে প্রশংসা করা হয়ে ওঠে না অনেকেরই।

এই ব্যস্ততার মধ্যেই স্ত্রীকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ হলো ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে বা স্ত্রীর প্রশংসা দিবস। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও দিবসটি পরিচিতি পায়।

দিবসটির মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের ভালোবাসা, যত্ন, ত্যাগ ও পারিবারিক জীবনে অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

একটু সময় দিন প্রিয় মানুষটিকে : দাম্পত্য জীবনের শুরুতে একে অপরকে সময় দেওয়া কিংবা ভালোবাসার কথা বলা সহজ হলেও সময়ের সঙ্গে চাকরি, সংসার, সন্তান ও নানা দায়িত্বের চাপে সেই অভ্যাস অনেকটাই কমে যায়।

তাই আজকের দিনটি হতে পারে স্ত্রীকে নতুন করে জানানোর সুযোগ—তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার প্রতিদিনের ছোট ছোট কাজ, যত্ন কিংবা কঠিন সময়ে পাশে থাকার বিষয়গুলো যে আপনার চোখ এড়ায় না, সেটি কয়েকটি ভালো কথায় জানানো যেতে পারে।

উপহার নয়, ভালোবাসাই বড় : স্ত্রীর প্রশংসা করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে যাওয়া, তার পছন্দের খাবার কিনে দেওয়া কিংবা দুজন মিলে বাইরে কিছুটা সময় কাটানোও হতে পারে বিশেষ উপহার।

চাইলে একসঙ্গে সিনেমা দেখা, কোথাও ঘুরতে যাওয়া কিংবা পছন্দের কোনো উপহারও দেওয়া যেতে পারে। তবে দামি উপহারের চেয়েও কখনো কখনো একটি ছোট চিঠি বেশি আবেগ তৈরি করতে পারে।

চিঠিতে লেখা যেতে পারে এমন কিছু কথা, যা প্রতিদিন বলা হয় না। জানানো যেতে পারে—তার যত্ন ও ত্যাগ আপনি দেখেন, সংসারে তার অবদানকে মূল্য দেন এবং জীবনের কঠিন সময়ে তার পাশে থাকাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন।

ভালোবাসার জন্য প্রতিদিনই বিশেষ : কারও কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারও কাছে জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। সম্পর্কের ধরন যাই হোক, প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ সবসময়ই মূল্যবান।

তাই আজ একটু ব্যস্ততা সরিয়ে স্ত্রীর পাশে বসে বলা যেতে পারে—‘তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ’ কিংবা ‘আমার জীবনে তোমার উপস্থিতিই আমার বড় পাওয়া।’

ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। প্রতিদিনই প্রিয় মানুষকে সম্মান, যত্ন ও ভালোবাসা দেওয়া যায়। তবে একটি বিশেষ দিন যদি সেই কথাগুলো নতুন করে মনে করিয়ে দেয়, সেটিও কম সুন্দর নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন