২৪ঘণ্টা অনলাইন : স্বচ্ছ নীল পানি, সাদা বালুর সৈকত, প্রবাল প্রাচীর, মরুভূমি আর পাহাড়—প্রকৃতির এমন বৈচিত্র্য নিয়ে সৌদি আরবের পশ্চিম উপকূলে গড়ে উঠছে বিলাসবহুল পর্যটন গন্তব্য ‘দ্য রেড সি প্রজেক্ট’। আন্তর্জাতিক পর্যটনে নতুন আকর্ষণ তৈরি করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
প্রায় ২৮ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পে রয়েছে ৯০টির বেশি প্রাকৃতিক দ্বীপ, বিস্তীর্ণ মরুভূমি, পাহাড় ও সুপ্ত আগ্নেয়গিরি। একই জায়গায় সমুদ্র, পাহাড় ও মরুভূমির অভিজ্ঞতা পাওয়ার সুযোগই এ পর্যটন গন্তব্যের অন্যতম বৈশিষ্ট্য।
এক দিনেই সমুদ্র থেকে মরুভূমির রোমাঞ্চ : এখানে পর্যটকেরা লোহিতসাগরের প্রবাল প্রাচীরে স্কুবা ডাইভিং, মরুভূমিতে অ্যাডভেঞ্চার এবং পাহাড়ি পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন। রেড সি গ্লোবালের উন্নয়ন বিভাগের প্রধান স্টিফেন চিজব্রোর মতে, ভৌগোলিক বৈচিত্র্যই প্রকল্পটিকে অন্যান্য বিলাসবহুল দ্বীপভিত্তিক পর্যটন গন্তব্য থেকে আলাদা করেছে।
পর্যটকদের যাতায়াত সহজ করতে চালু হয়েছে রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর। ২০৩০ সালের মধ্যে এখানে ৫০টি বিলাসবহুল রিসোর্ট, ৮ হাজার হোটেলকক্ষ এবং এক হাজারের বেশি আবাসন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বছরে প্রায় ১০ লাখ পর্যটককে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিলাসের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ : প্রকল্পটিতে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৯০টির বেশি দ্বীপের মধ্যে মাত্র ২২টিতে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্য দ্বীপগুলো প্রকৃতি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য রাখা হবে।
পরিকল্পনা অনুযায়ী, রিসোর্ট ও অন্যান্য স্থাপনায় শতভাগ সৌরশক্তি ব্যবহার, বর্জ্য পানি পুনর্ব্যবহার এবং পরিবেশদূষণ কমানোর প্রযুক্তি কাজে লাগানো হবে। পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি প্রাকৃতিক প্রতিবেশের উন্নয়নও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
শুরা আইল্যান্ডে বিলাসবহুল আয়োজন : প্রকল্পের অন্যতম কেন্দ্র শুরা আইল্যান্ড। সেখানে বিশ্বমানের হোটেল, বুটিক শপ, আধুনিক মেরিনা, রেস্তোরাঁ ও ১৮ হোলের গলফ কোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য তৈরি হচ্ছে অ্যাড্রেনা ডিস্ট্রিক্ট, যেখানে ওয়াটার স্পোর্টস ও ট্রেকিংয়ের সুযোগ থাকবে।
এ প্রকল্পকে শুধু বিলাসবহুল অবকাশযাপনের গন্তব্য নয়, বরং সৌদি আরবের অন্যান্য পর্যটন আকর্ষণ ঘুরে দেখার প্রবেশদ্বার হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখান থেকে জেদ্দা ও ঐতিহাসিক আল-উলা শহর ভ্রমণের সুযোগও থাকবে।
প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে ‘দ্য রেড সি প্রজেক্ট’ সৌদি আরবের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে।
