২৪ঘণ্টা অনলাইন : বাড়িভাড়া বৃদ্ধি, জীবনযাত্রার উচ্চ ব্যয়, কর্মসংস্থানের সংকট ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা—এসব ইস্যুতে ইউরোপের বিভিন্ন দেশে আন্দোলনে নেমেছেন তরুণ প্রজন্ম বা জেন-জি। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভ সরকার ও নীতিনির্ধারকদের ওপর চাপ তৈরি করছে।
দেশভেদে আন্দোলনের কারণ ভিন্ন হলেও তরুণদের উদ্বেগের জায়গাগুলোতে মিল রয়েছে। তাদের অভিযোগ, আগের প্রজন্মের তুলনায় বর্তমানে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া, মানসম্মত শিক্ষা অর্জন এবং স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।
স্পেনে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাস্কালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে নেমেছেন তরুণেরা। ফ্রান্সে উন্নত শিক্ষাব্যবস্থা, পর্যাপ্ত শিক্ষক এবং স্কুলের অবকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। অন্যদিকে, আলবেনিয়ায় বিলাসবহুল আবাসন প্রকল্পের পরিকল্পনা নিয়েও বিক্ষোভ শুরু হয়েছে।
ইতালির রাজধানী রোমে আবাসন ব্যয়ের চাপে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। একই পরিস্থিতিতে পর্তুগালের লিসবনেও সাশ্রয়ী আবাসনের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইতালি ও গ্রিসে শিক্ষার্থী ও শিক্ষকেরা উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান, বিনামূল্যে সরকারি শিক্ষা এবং জনসেবা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।
ফ্রান্সের প্রধান ছাত্র সংগঠন ইউএনইএফের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস ডি ব্রিটোর মতে, বিভিন্ন দেশের আন্দোলনের মধ্যে বড় ধরনের মিল রয়েছে। শিক্ষা, বিশ্ববিদ্যালয়, আবাসন এবং তরুণদের জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি এসব আন্দোলনের অন্যতম প্রধান বিষয়।
এদিকে, পরিবর্তনশীল শ্রমবাজার, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং জলবায়ু পরিবর্তন নিয়েও উদ্বিগ্ন তরুণেরা। তাদের অনেকের ধারণা, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিও উঠেছে। তবে তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং অস্থিরতার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করেছেন। আন্দোলনকারীদের একাংশ নতুন সরকার ও ব্যাপক পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
এদিকে, জার্মানিতে ৩১ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি গোষ্ঠী। স্পেনে ট্রেড ইউনিয়নগুলো ১১ নভেম্বর সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ব্রিটেন ও ইতালির ছাত্র সংগঠনগুলো শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ২০ নভেম্বর কর্মসূচি পালনের পরিকল্পনা করছে।
সব মিলিয়ে ইউরোপজুড়ে জেন-জির আন্দোলন শুধু জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ নয়; বরং শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে তরুণদের গভীর উদ্বেগেরও প্রতিফলন।
