২৪ঘণ্টা অনলাইন : নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজ। নির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
২৭ অক্টোবর রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা সৈয়দ শাকিল। এ সময় সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এবার বড় পর্দার জন্য পারিবারিক আবেগনির্ভর একটি সামাজিক গল্প নিয়ে কাজ করতে চান তিনি।
শাকিল জানান, একসময় পরিবারের সবাই একসঙ্গে বসে সামাজিক সিনেমা দেখতেন। সেই ধারার আবেগঘন গল্পই বড় পর্দায় তুলে ধরতে চান তিনি, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত আরেকটি সিনেমা ‘কালাভুনা প্যারাডক্স’ মুক্তির সম্ভাবনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এতে রাজের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর।
