২৪ঘন্টা অনলাইন: বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপনসহ তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে আগের নিয়ম অনুযায়ী এক দিনের ভ্রমণের অনুমতি বহাল থাকবে। বন বিভাগের এ সিদ্ধান্তে একদিকে পর্যটকদের দীর্ঘ সময় সুন্দরবনে অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক, ট্যুর অপারেটর ও গাইডরা। গত ৮ ও ৯ নভেম্বর খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত মৌখিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারির প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। তিনি শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। নিখোঁজ হওয়ার পর বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দুই দিন অনুসন্ধানের পর ৮ নভেম্বর রাতে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা রেঞ্জের পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের আশঙ্কা, তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ থাকলে এ অঞ্চলের পর্যটন ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আশপাশের এলাকার ট্রলার মালিক, চালক, শ্রমিক, ট্যুর গাইড এবং স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন।
পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম জানান, ঋণ ও দেনা করে তাঁরা পর্যটকদের জন্য বোট তৈরি করেছেন। এখন দীর্ঘ সময়ের ভ্রমণের অনুমতি বন্ধ হয়ে গেলে তাঁদের ঋণ পরিশোধ ও জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। তবে দীর্ঘমেয়াদি ভ্রমণ বন্ধের পাশাপাশি বিকল্প নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নৌযানের ফিটনেস যাচাই, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, প্রশিক্ষিত গাইড, পর্যটকদের চলাচলে নিয়ন্ত্রণ এবং জরুরি উদ্ধারব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা। সব মিলিয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষার মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন বন বিভাগের সামনে বড় চ্যালেঞ্জ।
