২৪ঘন্টা অনলাইন: ২০১৮ সালের পর আবারও সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের আসর বসে বাংলাদেশে। মঙ্গলবার ফাইনালের মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের আসর। অনুর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় সমেত মাত্র ২০ জনের দল নিয়ে শিরোপা জিতে চমক দেখিয়েছে ভারত। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। আর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল হতাশ করেছে ফুটবলপ্রেমিদের। বাংলাদেশের উৎসবের মঞ্চে ভারতের শেষ হাসি, পাকিস্তানের উত্থান হয়েছে অবিশ্বাস্য। সাফ মানেই যেন ভারতের ফাইনাল ও শিরোপা। দুর্বল শক্তির দল নিয়ে এসেও ভারত আবারও চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের শ্রেষ্ঠত্ব, পাকিস্তানের প্রথম ফাইনাল খেলা ছাপিয়ে স্বাগতিক বাংলাদেশের সেমিফাইনালের বিদায়ও এই টুর্নামেন্টের বড় আলোচনার বিষয়।
ভুলের চোরাবালিতে হয়নি ফাইনাল খেলা
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের ড্রেসিংরুমে যা হয়েছে সবই জেনে যায় প্রতিপক্ষ। সে হিসেবে নানা ভুলে বাংলাদেশের ফাইনাল অধরা। ২০০৫ সালের পর বাংলাদেশ সাফের ফাইনাল আর খেলতে পারেনি। এবার ঘরের মাঠে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ২০০৩ সালের মতো চ্যাম্পিয়ন উৎসব করার। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সব কিছু জলাঞ্জলি। এই সাফে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচে তিন রকম চিত্র দেখেছে। হামজা-ফারহানবিহীন ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে বাংলাদেশ জিতলেও ভালো ফুটবল খেলতে পারেনি। হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে। চার গোলে ম্যাচ জয়ের পাশাপাশি চোখ জুড়ানো ফুটবল খেলে বাংলাদেশ। এর ৭২ ঘণ্টা পরই ভিন্ন এক বাংলাদেশ। পাকিস্তানের পরিকল্পনার কাছে নাস্তানাবুদ। কোচিং স্টাফের ব্যর্থতা ও দুর্বলতার আসছে ঘুরেফিরে।
২০ জন নিয়েই ভারত চ্যাম্পিয়ন!
জাতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা উইন্ডোতে খেলার কারণে বাংলাদেশে এসেছে ভাঙ্গাচোরা দল। এবারের সাফ টুর্নামেন্ট শুরু হয়েছিল ফিফা উইন্ডোর বাইরে। হামজা-সামিতের মতো ভারতের অনেক ফুটবলার ক্লাব থেকে ছুটি পায়নি। আবার ভারতের মূল দল খেলেছে নিউজিল্যান্ডে। কোচ নওশাদ মুসা ঢাকায় এসেছিলেন দ্বিতীয় সারির দল নিয়ে। ৫ নভেম্বর উইন্ডোর বাইরে থাকায় তিনি সেদিন মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেন। সেই ম্যাচেও ভারত ৩-২ গোলে জেতে। ঐ ম্যাচ জেতার পর আরও সংকটে পড়ে যান কোচ মুসা। ঢাকায় আসা দল থেকে দুই জন ডাক পান নিউজিল্যান্ড দলে আরেকজনকে ক্লাবে ফিরে যেতে হয়। ফিফা উইন্ডোর সময় আরও কয়েকজন আসেন। এতেও ২৩ জনের স্কোয়াড হয়নি। মালদ্বীপ, ভুটান ও ফাইনালে ২০ জন নিয়েই খেলেছেন তারা। যেখানে ফুটবলে চূড়ান্ত স্কোয়াডই ২৩ জনের। অনভিজ্ঞ ফুটবলার দিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে তারা সাফের অন্য দেশের চেয়ে কতটা এগিয়ে।
পাকিস্তানের অবিশ্বাস্য উত্থান
সাফে খেলতে আসার আগে ফিফা আসিয়ান কাপে দারুণ খেলে পাকিস্তান। দেশটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিতি মূলত হকি, ক্রিকেট ও স্কোয়াশে। সম্প্রতি অ্যাথলেটিক্সেও অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ত্ব গড়েছেন পাকিস্তানী অ্যাথলেট। সেই বিবেচনায় ফুটবল তেমন আলোচিত নয়। এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে না পারলেও শুরু থেকে দারুণ ফুটবল খেলেছে। ফিফা উইন্ডোর কারণে পাকিস্তান প্রথম দুই ম্যাচ খেলেছে পূর্ণ শক্তি ছাড়াই। ১৪ নভেম্বর বাংলাদেশের বিপক্ষেই পাকিস্তান পূর্ণ শক্তির দল পায়। প্রবাসী কয়েকজন ভালো মানের ফুটবলার থাকায় পাকিস্তানের ফুটবলের চিত্র খানিকটা বদলেছে। বাংলাদেশকে ঘরের মাটিতে হারিয়ে প্রথমবারের মাতো সাফের ফাইনালে উঠেছে। ফাইনালে ভালো শুরু করে লিডও পেয়েছিল। পরে ভিএআরে লাল কার্ডের সিদ্ধান্তে পাকিস্তান পিছিয়ে পড়ে খেলায়। পরে আর ফেরা হয়নি, হারতেই হয়েছে শেষ পর্যন্ত।
প্রবাসীদের সঙ্গে ঘরোয়া ফুটবলে গুরুত্ব প্রয়োজন
২০১৮ সালে প্রবাসীদের উপর ভর করে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে ফ্রান্স। বিশ্ব ফুটবলে এখন প্রবাসী, ন্যাচারালাইজ প্রক্রিয়ার মাধ্যমে অনেক দেশেই উন্নতি করেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলারের দিকে ঝুঁকছে। পাকিস্তানের কোচ নেলবার্তো সোলানো ফাইনাল হারের পর প্রবাসী ফুটবলারের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও জোরদারের আহ্বান জানান, ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়। স্থানীয় ফুটবলারদের পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরও প্রতিভা রয়েছে এজন্য ঘরোয়া প্রতিযোগিতাও দরকার।’ পাকিস্তানের ঘরোয়া লিগ অনিয়মিত। বাংলাদেশের ঘরোয়া লিগ নিয়মিত হলেও মান খুব উন্নত নয়। একমাত্র ভারতের লিগই উন্নত দক্ষিণ এশিয়ার। সেটার সুফল এই সাফ চ্যাম্পিয়নশীপেই প্রমাণ। ভারতের দ্বিতীয় সারির ফুটবলারদের পরিপক্বতা অন্যদের চেয়েও কিছুটা বেশি।
সাফে প্রথমবার ভিএআর
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল। দ্বিতীয়ার্ধে দু’টি সিদ্ধান্তই ভুটানের পক্ষে যায়। এতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ ভিএআর নিয়ে রসিকতা করেছিলেন। অথচ সেই ভিএআরই ফাইনালে টার্নিং পয়েন্ট হয়েছে। ভিএআর পাকিস্তানের ফুটবলারের পেছন থেকে ট্যাকল ফাউল গণ্য করে লাল কার্ড দিয়েছে। এরপরই ভারত খেলায় ফিরতে পেরেছে। বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে ভিএআর প্রয়োগ প্রয়োজন পড়েনি। তবুও প্রথমবার ভিএআর ব্যবহারে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা।
