২৪ঘন্টা অনলাইন: নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে পরিবহন মালিকরা স্ব-উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জ পথে চলাচলকারী দূরপাল্লার বাস আপাতত বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস চালু থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
