বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী হুয়ান মাতা, শেষ দুই দশকের ক্যারিয়ার

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৮:১৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিশ্ব ফুটবলের মঞ্চে আর দেখা যাবে না স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতাকে। দীর্ঘ দুই দশকের পেশাদার ক্যারিয়ারের সমাপ্তি টেনে ১৮ নভেম্বর ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।

বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগের মতো বড় শিরোপা জিতেছেন মাতা। ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। এরপর ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে গোল করে স্পেনের ৪-০ ব্যবধানের জয়ে অবদান রাখেন। জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ২০১৬ সালের পর আর স্পেনের জার্সিতে মাঠে নামেননি তিনি।

রিয়াল মাদ্রিদের যুব দলে ফুটবলের হাতেখড়ি হলেও পেশাদার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় ভ্যালেন্সিয়ায়। ২০০৭ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজের প্রতিভার পরিচয় দেন। ২০১১ সালের আগস্টে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে আরও পরিচিতি পান।

চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন মাতা। ২০১৪ সালের জানুয়ারিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ।

ইউরোপের ফুটবল অধ্যায় শেষে তুরস্কের গ্যালাতাসারেই এবং জাপানের ভিসেল কোবেতে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নামেন।

অবসরের ঘোষণা দিয়ে মাতা জানিয়েছেন, পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ালেও খেলাটির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না।

তিনি বলেন, ‘ফুটবল কখনো আমার জীবন থেকে চলে যাবে না। এই খেলাকে ভালোবাসার অনেক উপায় আছে। এটিকে উন্নয়নের বাহন হিসেবে ব্যবহার করার অনেক পথ আছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করতে পারি, কিন্তু একজন ফুটবলার হওয়া কখনো থামাব না।’

দুই দশকের পথচলায় অসংখ্য স্মৃতি, শিরোপা ও অর্জন জমা হয়েছে মাতার ঝুলিতে। মাঠের লড়াই থেকে বিদায় নিলেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা যে অটুট থাকবে, অবসরের ঘোষণায় সেটিই স্পষ্ট করেছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।