শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আল্লাহর কাছে সফলতার ব্যাখ্যা

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৩৭ এএম
webnews24

তানভীরুল আরেফীন : অনেক বিস্ময় সংবাদে চোখ রাখলে স্থির থাকা কঠিন। মানুষ আনন্দ পেতে শিশুর মাংস খাচ্ছে। সচ্ছল হবার জন্যে পর্ণোগ্রাফি বানায়। টাকা কামাতে শিশু বেচাকেনা করে। ক্ষমতার জন্য এমন কোনো জঘন্য কাজ নেই; মানুষ করা বাকি রেখেছে। পৃথিবীকে চরম থেকে চরম নিকৃষ্টভাবে ভোগ করার জন্যে পৈশাচিক কৌশল অবলম্বন করে। মানুষকে ছোট করতে মানুষ ‘এনিম্যাল ম্যান’ এ পরিণত হয়ে যাচ্ছে। অথচ জীবন অনেকটাই কচু পাতার মতোই।

আনন্দ, সচ্ছলতা, ক্ষমতা, কুশিক্ষা ও সন্মান অর্জনের দৌড়ে মনুষ্যত্ব বিকিয়ে দিতেও মানুষ পিছ পা হয়না। এমন কী লম্পট এপস্টাইনের মতো লোককেও গুরু বানাতে দ্বিধা করে না। মানুষ ক্ষমতার মোহে কী কী করতে পারে এপস্টাইন ফাইল তারই একটা জ্বলন্ত উদাহরণ। অর্থাৎ সফল হওয়ার জন্য মানুষ সব কিছুই করতে পারে।

আসুন আমরা জেনে নিই আল্লাহর নিকট সফলতার ব্যাখ্যা কি? 
আল্লাহ বলেন-- যারা অদৃশ্যের বিষয়ে বিশ্বাস রাখে, সালাত প্রতিষ্ঠা করে, প্রদত্ত সম্পদ হতে দান করে, আয় রাসুল! যারা বিশ্বাস রাখে ঐ সমস্ত শিক্ষার উপর যা আপনার উপর ও আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে। তারাই প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, তারাই সফল। (বাকারা : ৩,৪,৫) 

সফলতা অর্জনে আল্লাহ পাঁচটি গুণের কথা বলেছেন--
১. অদৃশ্যের বিষয়ে বিশ্বাসী। 
অর্থাৎ যারা পার্থিব বস্তু নেশায় উন্মাদ নয়। যারা পৃথিবীর বস্তু প্রীতি হতে নিজেদের মনকে সংযত করতে পেরেছে। আল্লাহ- যিনি অদৃশ্যে বিদ্যমান তার প্রেমে যারা নিজেকে সাধাসিধা জীবনে অভ্যস্ত করেছে। আল্লাহর প্রেমই যাদের নিকট মূখ্য। 

২. সালাত প্রতিষ্ঠাকারী। 
অর্থাৎ- যারা উগ্রতা ও অশ্লীলতার আকর্ষণে উন্মাদ নয়। যারা অপসাংস্কৃতিক ও অরুচিকর কর্ম হতে নিজের মনকে সংযত করতে পেরেছে। যারা আল্লাহর উদ্দেশ্যে নিজেকে পবিত্র রাখে।

৩. দানকারী। 
অর্থাৎ- যারা অর্থ সঞ্চয়ে উন্মাদ নয়। যারা পার্থিবতা অর্জনের ডাক হতে নিজের মনকে  সংযত করতে পেরেছে। যারা আল্লাহর উদ্দেশ্যে পিতামাতার প্রতিপালন, স্ত্রী-পুত্রের ভরণ-পোষণ, আত্মীয়তা রক্ষা, অসহায়কে সহায়তা ও অসুস্থের সেবায় নিজ অর্থ যথাযথ দান করে। 

৪. যারা কোরআন ও পূর্ববর্তী ঐশী গ্রন্থের উপর বিশ্বাসী। 
অর্থাৎ- যারা আধুনিক চরিত্র ধারণের জন্য উন্মাদ নয়। যারা যুগের অনৈতিক স্রোতে গা ভাসিয়ে দেওয়া হতে নিজ মনকে সংযত করতে পেরেছে। যারা  আল্লাহর প্রেমে রাসুলগনদের চরিত্র ধারনের প্রতি মন-নিবেশ করেছে।

৫. পরজীবনে বিশ্বাসী। 
অর্থাৎ- যারা পৃথিবীর প্রেমে উন্মাদ নয়। যারা পৃথিবীর মায়া হতে নিজ মনকে সংযত করতে পেরেছে। যারা আল্লাহর প্রেমে মৃত্যুকে সদা সাগত জানায়। 

আল্লাহ এই চরিত্র ধারণকারীদের এক শব্দে বলেন পরহেজগার। আল্লাহর নিকট যারা পরহেজগার তাঁরাই সফল। পরহেজগার লোক পার্থিবতা অর্জনের চরম উন্মাদনা ও নেশা হতে মুক্ত, অপরাধ হতে মুক্ত, নিজেদের নিয়ে সন্তুষ্ট ও তৃপ্ত- তাই তারাই প্রকৃত সফল। 
আল্লাহ আমাদেরকে পরহেজগার হবার তৌফিক দান করুন। আমিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন