সকল প্রশংসা আল্লাহর। যিনি আমাদের মাঝে রমজান উপহার দিয়ে এমন কিছু সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেছেন যা আমাদের জীবনে প্রায় নেই। আমারা তো ঠিকঠাক রোজা রাখছি, কিন্তু সবাই কি রোজার মাধ্যমে বিশেষ কিছু সৌভাগ্য অর্জন করতে পারছি? আমরা রোজার মাধ্যমে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ, জীবনের বিভিন্ন পদে বাধা অতিক্রম ও দুর্ভোগ কাটিয়ে উঠতে কতটুকু সক্ষমতা অর্জন করতে পারছি? আসুন জেনে নেয়া যাক এ বিষয়ে আল্লাহ ও রাসূল স. আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন।
১. রোজা আমাদের জীবনকে পবিত্র করে: এ বিষয়ে আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর; যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩)।
২. রোজা রোজাদারের জন্য যথেষ্ট হয়ে যায়: এ বিষয়ে আল্লাহ বলেন- রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য; কিন্তু রোজা আমার জন্য। তাই আমিই এর প্রতিদান দেব।’ (বোখারি : ১৯০৪)।
৩. রোজা সক্ষমতা বৃদ্ধি করে: এ বিষয়ে ইবনে আব্বাস রা. বলেন- ‘রাসুল সা. ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আর রমাজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত।’ (বোখারি : ১৯০২)।
৪. রোজা সত্য জীবন যাপন সহজ করে দেয়: এ বিষয়ে রাসুল সা. বলেন- ‘রোজা হলো ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়।’ জিজ্ঞেস করা হলো, ‘ইয়া রাসুলাল্লাহ! কীভাবে রোজা বিদীর্ণ হয়ে যায়?’ রাসুল সা. বললেন, ‘মিথ্যা বলার দ্বারা অথবা গিবত করার দ্বারা।’ (সুনানে নাসাঈ : ২২৩৫)।
৫. রোজা ভালোবাসা- সম্প্রীতি বজায় রাখে: এ বিষয়ে রাসুল (সা.) বলেন- ‘তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে- আমি রোজাদার।’ (মুসলিম : ১১৫১)।
৬. রোজা প্রকৃত মানুষ তৈরি করে: এ বিষয়ে রাসুল সা. বলেন- ‘শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়; বরং সব ধরনের অন্যায়, অহেতুক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম রোজা।’ (মুসতাদরাকে হাকেম : ১৫৭০)।
৭. রোজা জীবনের সকল পিপাসা বিলীন করে দেয়: এ বিষয়ে রাসূল বলেন- ‘যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তায়ালা তাকে পান করাবেন। সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কখনও পিপাসার্ত হবে না।’ (কানযুল উম্মাল, ৮ম খণ্ড, হাদিস- ২৩৬৫৩)।
আল্লাহ আমাদের সবাইকে এ রমজানে যথাযথ রোজা আদায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ, জীবনের বিভিন্ন পদে বাধা অতিক্রম ও দুর্ভোগ কাটিয়ে উঠার সক্ষমতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।
