শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আপিলে হেরে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ ফখরের

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৭:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধাদেশের বিরুদ্ধে আপিল করেও হেরে গেছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ও লাহোর কালান্দার্সের ফখর জামান। পিএসএলের টেকনিক্যাল কমিটি ফখরের আপিল খারিজ করে দেওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধই থাকছেন ফখর। একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফখরের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠে। পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর।

এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন ফখর। শাস্তির বিরুদ্ধে ফখর আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিএসএল টেকনিক্যাল কমিটি আপিলের শুনানি করেছে।

নতুন করে তদন্ত পরিচালনা, সব প্রমাণ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার পর আপিল খারিজ করে দিয়েছে কমিটি এবং ম্যাচ রেফারি রোশান মাহানামার আরোপিত দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে।’ পিসিবি আরও জানায়, ‘আচরণবিধি অনুসারে, পিএসএল টেকনিক্যাল কমিটি কর্তৃক গৃহীত যেকোন সিদ্ধান্তই উক্ত বিষয়ের পূর্ণ, চূড়ান্ত ও সঠিক নিষ্পত্তি বলে গণ্য হবে এবং সকল পক্ষের জন্য বাধ্যতামূলক হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)