শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললেই লাল কার্ড

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৬   ১২:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফুটবল মাঠে খেলোয়াড়দের আচরণগত শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর কিছু নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। প্রতিপক্ষের সঙ্গে কথা বলা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ক্ষেত্রে কড়াকড়ি থাকছে।

মাঠে প্রায়ই দেখা যায় প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা রেফারির সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় ফুটবলাররা হাত দিয়ে বা জার্সি টেনে মুখ ঢেকে কথা বলেন। সাধারণত গোপন কোনো কৌশল বা আক্রমণাত্মক ভাষা আড়াল করতেই এমনটি করা হয়। তবে মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এমন আচরণে এখন থেকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। ফুটবলীয় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী, রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যদি কোনো ফুটবলার ক্ষোভে মাঠ ছেড়ে বেরিয়ে যান, তবে তাকেও সরাসরি লাল কার্ড দেখানো হবে। আইএফএবি জানিয়েছে, নিয়ম দুটি প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করে এর কার্যকারিতা যাচাই করা হবে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপের মূল আসরে এই নিয়মগুলো পুরোপুরি কার্যকর থাকবে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়মের ফলে মাঠে খেলোয়াড়দের স্লেজিং বা অশালীন ভাষা ব্যবহারের প্রবণতা কমে আসবে এবং রেফারির কর্তৃত্ব আরও সুসংহত হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)