শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগার ব্যাটারের

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ০৪:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে দুই দল দুটি টেস্টে লড়বে। এর মধ্য দিয়ে ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। এর আগে দেশের মাটিতে সম্প্রতি খেলা স্পোর্টিং উইকেট ও সিরিজ জয় বড় শক্তি হিসেবে দেখছেন মাহমুদুল হাসান জয়। এখন যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে বলে দাবি টাইগার ওপেনারের। 

অস্ট্রেলিয়ান কন্ডিশনে পাঁচ দিন লড়াই করা কিংবা জয়ের স্বপ্ন দেখা সম্ভব কি না এমন প্রশ্নে জয় বলেন, ‘হ্যাঁ অবশ্যই, কারণ আমরা গত ৪-৫টা সিরিজ যখন দেশের মাটিতে খেলেছি, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলাররাও উইকেট নিয়েছে। সুতরাং এটা খুব ইতিবাচক দিক যে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি এই ধরনের উইকেট পাই, আমাদের জন্য খুব ভালো হবে।’

অস্ট্রেলিয়ায় দুই ম্যাচ সিরিজে একটি টেস্ট জয়েরও স্বপ্ন বুনছেন জয়। ইতিহাস গড়ার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই তো সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলার এবং সেখানে যদি আমরা একটা টেস্ট জিততে পারি, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে।’

কেবল অস্ট্রেলিয়া নয়, যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করারও আত্মবিশ্বাস আছে এই ব্যাটারের, ‘এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সক্ষম। আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে আমাদের যে মানসম্মত বোলার আছে, ওরা যেকোনো প্রতিপক্ষকে কঠিন সময়ের মুখোমুখি করতে পারবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)