২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, যেখান থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।
চট্টগ্রাম বিভাগে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এসব বিভাগে একজন করেই প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। একইভাবে ঢাকা বিভাগে দুটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজন বাদ পড়ায় সেখানকার দুই পরিচালকও নিশ্চিত হয়ে গেছেন।
জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন, এবং ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
খুলনা বিভাগে দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের হিসাব-নিকাশে শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। সেখানে মিজানুর রহমানকে এগিয়ে রাখা হচ্ছে।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা অর্জন করায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তাদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
সংশ্লিষ্ট সূত্রের মতে, ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানী, ড. মাহবুব শামিম এবং ফায়াজুর রহমান মিতু।
সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচনে বেশ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেও ক্লাব ক্যাটাগরির লড়াই জমে উঠেছে। নির্বাচনকে ঘিরে এখন ক্রিকেটাঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ ও জোর আলোচনা।
