শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পেলের ১৯৫৮ বিশ্বকাপ জার্সি নিলামে

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলের ঐতিহাসিক জার্সিটি নিলামে তুলতে যাচ্ছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সদবিস’। ২ জুন প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের বিশ্বকাপ চলাকালীন আয়োজিত বিশেষ নিলামে পেলের জার্সিটি হবে প্রধান আকর্ষণ।

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দুটি গোল করেছিলেন। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার মধ্যে সেটিই ছিল প্রথম।

নিলামে ওঠা পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬০ লাখ ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটির টাকার বেশি। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম।

এর আগে ২০২২ সালে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে ক্রীড়া স্মারক বিক্রির রেকর্ড গড়েছিল। তবে একই বছর বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘লাস্ট ডান্স’ মৌসুমে শিকাগো বুলসের হয়ে ব্যবহৃত জার্সি ১০১ লাখ ডলারে বিক্রি হলে সেই রেকর্ড ভেঙে যায়।

‘সদবিস’ জানিয়েছে, ১৯৫৮ সালের ফাইনালের পর পেলে তাঁর এই জার্সিটি সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার দীর্ঘ কয়েক দশক ধরে জার্সিটি সংরক্ষণ করে রেখেছিল। পরে এটি একটি জাদুঘরে স্থান পায়। এর আগে ২০০৪ সালেও জার্সিটি একবার নিলামে তোলা হয়েছিল।

বিশেষ এই নিলামে পেলের জার্সির পাশাপাশি ১৯৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অব গড’ ম্যাচে ম্যারাডোনার ব্যবহৃত একটি আর্মব্যান্ড এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ব্যবহৃত কয়েকটি ক্রীড়া সামগ্রীও রাখা হবে।

নিলামের আগে আগামী ১ জুলাই থেকে নিউইয়র্কে অবস্থিত ‘সদবিস ব্রয়ার’ ভবনে এসব ঐতিহাসিক স্মারক সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)