শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে মেসির সামনে ইতিহাস গড়ার পাঁচ সুযোগ

প্রকাশিত - ০৪ জুন, ২০২৬   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ছিল জোর আলোচনা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। আর এই আসরে তার সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। এবার আরও কয়েকটি ম্যাচ খেললে সেই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

এবারের বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লেখাবেন। ফুটবল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় ছয়টি বিশ্বকাপে অংশ নেননি।

গোলের রেকর্ডেও ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ১৩। সর্বোচ্চ ১৬ গোল নিয়ে শীর্ষে রয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। আর চারটি গোল করতে পারলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরেকটি অনন্য কীর্তির কাছেও রয়েছেন মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন তিনি। এবারও গোল করতে পারলে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডের একমাত্র মালিক ক্রিস্টিয়ানো রোনালদো।

অ্যাসিস্টের ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তার সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি, যা আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সমান। আর একটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন তিনি। দুটি অ্যাসিস্ট করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার আসনও দখল করবেন।

এছাড়া নেতৃত্বের রেকর্ডেও অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। ২০১৪ ও ২০২২ সালে তার নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবারও দলকে ফাইনালে তুলতে পারলে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক, যিনি তিনবার দলকে ফাইনালে নিয়ে গেছেন। আর শিরোপা জিততে পারলে অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিও গড়বেন তিনি।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং লিওনেল মেসির জন্য হতে পারে ইতিহাস নতুন করে লেখার মঞ্চ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)