শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাতীয় দলে ফিরেই বিশ্বকাপকে লক্ষ্য বানালেন মোসাদ্দেক

প্রকাশিত - ০৪ জুন, ২০২৬   ০৭:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রায় চার বছর পর আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সুযোগ পাওয়ার পর এখন তার লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়া।

৪জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে জাতীয় দলে ফেরার সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, “আমাদের ক্রিকেট কাঠামোয় ঘরোয়া ক্রিকেটই নির্বাচকদের নজরে আসার প্রধান জায়গা। সেখানে ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করেছি এবং সেই পারফরম্যান্সের ফল হিসেবেই জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছি। যতদিন ক্যারিয়ার থাকবে, ততদিন জাতীয় দলের হয়ে খেলতে চাই।”

জাতীয় দলে নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার ধারণা রয়েছে বলে জানান এই অলরাউন্ডার। তিনি বলেন, দলের প্রয়োজনে ৬ বা ৭ নম্বরে ব্যাটিং করতে হতে পারে, আবার কয়েক ওভার বলও করতে হতে পারে। সুযোগ পেলে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলের জন্য কার্যকর অবদান রাখাই তার লক্ষ্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উচ্চ স্কোরের ম্যাচের প্রত্যাশা করছেন মোসাদ্দেক। তার মতে, সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলা হচ্ছে, যা ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

তিনি বলেন, “আমাদের বোলিং আক্রমণ এখন বিশ্বের বড় দলগুলোর সঙ্গে তুলনা করার মতো শক্তিশালী। ব্যাটাররাও ধারাবাহিকভাবে ভালো করছে। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।”

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, “বিশ্বকাপে খেলা অবশ্যই বড় স্বপ্ন। তবে তার আগে যে সিরিজগুলো আছে, সেখানে ভালো পারফরম্যান্স করতে হবে। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে ২০২৭ বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশা করতেই পারি।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)