শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সান মারিনোর বিপক্ষে স্মরণীয় জয়ে নতুন ইতিহাস

প্রকাশিত - ০৬ জুন, ২০২৬   ১০:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইউরোপের মাটিতে প্রথমবার কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলেই ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে জামাল ভূঁইয়ার দল।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশ দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং গ্যালারিতে উপস্থিত প্রবাসী সমর্থকরা। ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সান মারিনো ইউরোপের দল হওয়ায় নিয়মিত জার্মানি, স্পেন, ইতালির মতো পরাশক্তিদের বিপক্ষে খেলে থাকে। সেই দলের বিপক্ষে জয় বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

ম্যাচের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ। দুই অর্ধে একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। দুটি গোলই এসেছে তার হেড থেকে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক জামাল ভূঁইয়া মাঠ ছাড়ার পর নেতৃত্বের আর্মব্যান্ডও ওঠে তপুর হাতে।

ম্যাচের ১৯তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে শেখ মোরসালিনের দারুণ ক্রসে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩তম মিনিটে তপুর একটি ভুলের সুযোগ নিয়ে নিকোলাসের গোলে সমতায় ফেরে সান মারিনো।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশল নেন কোচ থমাস ডুলি। মাঠে নামানো হয় সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে। তাদের উপস্থিতিতে বাংলাদেশের আক্রমণে গতি বাড়ে।

ম্যাচের ৮৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত জয়সূচক গোল। হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের ভলি তপুর মাথায় লেগে জড়িয়ে যায় জালে। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

ইনজুরি সময়ে সান মারিনো গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিতুল মারমা দৃঢ়তার সঙ্গে তা সামাল দেন। এক পর্যায়ে বল গোললাইন স্পর্শ করলেও পুরোপুরি অতিক্রম না করায় রক্ষা পায় বাংলাদেশ।

সান মারিনোর ছোট্ট স্টেডিয়ামজুড়ে ছিল বাংলাদেশি প্রবাসীদের সরব উপস্থিতি। ইতালির বিভিন্ন শহর থেকে ছুটে আসা সমর্থকদের উচ্ছ্বাসে অ্যাওয়ে ম্যাচও যেন পরিণত হয়েছিল বাংলাদেশের হোম ম্যাচে।

এই জয়ের মাধ্যমে শুধু একটি ম্যাচ নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)