২৪ঘণ্টা অনলাইন : ২৪ঘণ্টা অনলাইন : সাফ নারী টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গোয়ার ফাইনালে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল।
ম্যাচের শুরুতে ভারতের হয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়ারী সাহা। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের ভুলের সুযোগ নিয়ে তিনি দূরপাল্লার চিপ শটে বল জালে পাঠান। এর আগে ম্যাচের ১৭ মিনিটেও মিলির ভুলে ভারত গোলের সুযোগ পেয়েছিল, তবে সেবার রক্ষা পায় বাংলাদেশ।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি টাইগ্রেসরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে বক্সের ভেতরে থ্রু পাস পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। ভারতীয় ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এর আগে বাংলাদেশও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। ১২ মিনিটে তহুরা খাতুন একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। ৪১ মিনিটেও তার আরেকটি সুযোগ হাতছাড়া হয়। এছাড়া ৪৪ মিনিটে আনাই মোগিনীর দূরপাল্লার শট ভারতীয় গোলরক্ষক দারুণ দক্ষতায় রুখে দেন।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ফাইনালের প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় বিরতিতে গেছে দুই দল।।
