২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। দীর্ঘ অনিশ্চয়তার পর দলটি মেক্সিকোতে পৌঁছালেও এখনও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এ ঘটনায় ফিফার সমালোচনা করেছেন ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নানা জটিলতা কাটিয়ে দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে খেলা হলেও ইরানের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে মেক্সিকোর তিজুয়ানা শহরে। ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের টাকসন থেকে তাদের বেস ক্যাম্প সরিয়ে সেখানে নেওয়া হয়।
রোববার মেক্সিকোতে পৌঁছানোর পর হাজসাফি বলেন, “আমরা খুবই আনন্দিত যে অবশেষে পুরো দল এখানে পৌঁছাতে পেরেছে। আল্লাহর রহমতে দলের অবস্থা ভালো। অনেক অপেক্ষার পর ভিসা পাওয়া গেছে।”
তবে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ফিফার প্রতি আমার একটি অভিযোগ আছে। কেন এত দেরি হলো? যতদূর জানি, শুধু খেলোয়াড় এবং কোচিং স্টাফের কিছু সদস্য ভিসা পেয়েছেন।”
ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এখনও ভিসা না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন হাজসাফি। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মাদ নবি।
তিনি বলেন, “আমাদের কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও ভিসা পাননি। টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা এখনও অপেক্ষায় আছেন। আমি আশা করি ফিফা দ্রুত বিষয়টি সমাধান করবে।”
তবে ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই ভিসা পেয়েছেন বলে জানা গেছে। মেক্সিকো যাত্রার আগে দলের সঙ্গে তাকে দেখা গেছে। বিশ্বকাপ শুরুর আগে এই ভিসা জটিলতা ইরান দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
