২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ সফরের ঠিক আগ মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ ও ইনজুরির কারণে ছিটকে গেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং তানভীর সংঘ।
৯ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজ শুরুর একদিন আগে দল পুনর্গঠন করতে হয়েছে সফরকারীদের।
আইপিএল শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি না সারায় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। পাকিস্তান সফরেও একই ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।
এছাড়া পাকিস্তান সফরে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে লেগস্পিনার তানভীর সংঘকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাদা বলের দলে সুযোগ পেয়েছেন অফস্পিনার টড মারফি।
হেড ও মার্শের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাট শর্ট ও ওলি পিক।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্লে-অফে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে ছিলেন না ট্রাভিস হেড। যদিও বাংলাদেশ সফরের জন্য তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। তবে অতিরিক্ত ম্যাচের চাপ ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াডে তার বিকল্প পরে ঘোষণা করা হবে।
মিচেল মার্শের অনুপস্থিতিতে এবং ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক না থাকায় দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হতে না পারলে ওই ফরম্যাটেও নেতৃত্বে থাকবেন ইংলিশ।
বাংলাদেশ সফরের আগে স্কোয়াডে এই পরিবর্তনগুলো অস্ট্রেলিয়ার পরিকল্পনায় প্রভাব ফেললেও তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
