২৪ঘণ্টা অনলাইন: বগুড়ার পরিচিত স্পোর্টিং উইকেটে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলের ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৬৪৩ রান ওঠে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শাহাদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর অধিনায়ক জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতির দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
নেতৃত্বের প্রথম ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকির। মাত্র ৯৭ বলে ১১৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে ইফতেখার ৫৮ বলে ৭০ রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
মিডল অর্ডারে অমিত হাসান ৩১, ইয়াসির আলি চৌধুরী ৩৪ এবং আকবর আলী ২৭ রান করেন। শেষদিকে সামিউন বশির রাতুলের ১৮ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দলও লড়াই করেছে দারুণভাবে। ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ ও ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে ভালো সূচনা এনে দেন।
তবে সফরকারীদের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওয়েসলি মাধেভেরে। ৯৩ বলে ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও ৩টি ছক্কা। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।
শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ‘এ’ দল।
ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও সফল ছিলেন সামিউন বশির রাতুল। বাঁহাতি এই স্পিনার নেন ৩ উইকেট। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা রোহানাত দৌল্লাহ বর্ষণও শিকার করেন ৩ উইকেট। এছাড়া আলিস আল ইসলাম নেন ২ উইকেট এবং সাকলাইন সজীব ও খালেদ আহমেদ একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।
জাকির হাসানের সেঞ্চুরি ও অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের এই জয় সিরিজে আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
