২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা আন্তর্জাতিক কোচিং অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছেন। তিনি কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
খেলোয়াড়ি জীবনে খুব বেশি সময় মাঠে না থাকলেও কোচিং ক্যারিয়ারে ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফাতেমা। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। এরপর দীর্ঘ সময় বিকেএসপিতে কাজ করে কোচিংয়ে দক্ষতা অর্জন করেন।
বাংলাদেশ নারী দলের সঙ্গে বিভিন্ন সময় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১১ সালে সহকারী কোচ এবং ২০১৭ সালে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দেশের বাইরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে কাজ করার পর ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন ফাতেমা। সেখানে দুই বছর সফলভাবে দায়িত্ব পালন করে দলটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরে ২০২৪ সালে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করার পর এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে কাতার নারী দলের দায়িত্ব নিলেন তিনি।
ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের জাতীয় দলের সঙ্গেও কাজ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন এই বাংলাদেশি কোচ।
