২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশি পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ক্রিকেটে বিরল এক লজ্জার রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই কোনো রান না তুলেই প্রথম তিন উইকেট হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের সূচনা হয় অস্ট্রেলিয়ার। প্রথম ওভারে তাসকিন আহমেদের শিকার হন ওপেনার ম্যাথু শর্ট। এরপর দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমান টানা দুই ব্যাটারকে ফিরিয়ে দিলে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
ওয়ানডে ইতিহাসে এটি মাত্র চতুর্থবার, যখন কোনো দল শূন্য রানে প্রথম তিন উইকেট হারাল। ফলে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অংশ হয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাথু শর্টের পর কুপার কনলি ও ম্যাথু রেনশও সাজঘরে ফেরেন। রেনশকে প্রথমে নটআউট দেওয়া হলেও বাংলাদেশের রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায় এবং উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ ধরা পড়েন তিনি।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এদিন সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে হারলেও শুরুতেই বোলারদের আগুনঝরা পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় টাইগাররা।
