শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর জয়

প্রকাশিত - ১২ জুন, ২০২৬   ১১:৫৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের সঙ্গে রঙিন শুরু করল স্বাগতিক মেক্সিকো। অসংখ্য সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত ১০ জনের দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে হাভিয়ের আগুয়েরের দল।

১১জুন রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন হুলিয়ান কুইনোনেস ও অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস।

শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে মেক্সিকো। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের নবম মিনিটে মিডফিল্ডার এরিক লিরা বল কেড়ে নিয়ে পাস বাড়ান কুইনোনেসের উদ্দেশে। সৌদি ক্লাব আল-কাদসিয়াহর এই ফরোয়ার্ড গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে আসতেকা স্টেডিয়াম।

গোল হজমের পর দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর আক্রমণের সামনে বারবার চাপে পড়ে। প্রথমার্ধে কুইনোনেসের আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫০তম মিনিটে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ডি-বক্সের বাইরে ফাউল করেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সিথোলে। শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও সরাসরি লাল কার্ড দেখান তাকে।

১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখে আক্রমণ বাড়ায় মেক্সিকো। ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার গিলবার্তো মোরাকে মাঠে নামানোর পরই আসে দ্বিতীয় গোল। এক দারুণ ক্রস থেকে শক্তিশালী হেডে ব্যবধান ২-০ করেন রাউল হিমেনেস।

তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে মেক্সিকান এক খেলোয়াড়ের মুখে কনুইয়ের আঘাত করলে ভিএআর পর্যালোচনার পর দক্ষিণ আফ্রিকার জোয়ানেকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ৯ জনের দলে পরিণত হয় আফ্রিকানরা।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২তম মিনিট) মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্তেসও মারাত্মক ফাউলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে শেষ মুহূর্তে মেক্সিকোও ১০ জনের দলে নেমে আসে। সব মিলিয়ে ম্যাচে দেখা যায় তিনটি লাল কার্ড।

এদিকে মাঠের ভেতরে মেক্সিকোর জয় উদযাপন চললেও স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বেতন বৃদ্ধি এবং ড্রাগ কার্টেল-সম্পর্কিত ঘটনার তদন্তের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

এই জয়টি নিজেদের মাটিতে আয়োজিত তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্যে মেক্সিকোর সেরা ফল। এর আগে ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র এবং ১৯৮৬ সালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)