শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু কোরিয়ার

প্রকাশিত - ১২ জুন, ২০২৬   ১২:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দলটি।

প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। আক্রমণে তেমন ধার না থাকায় গোলশূন্যভাবেই বিরতিতে যায় ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট।

৫৯তম মিনিটে লাদিস্লাভ ক্রেজচির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে হেডে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন তিনি।

তবে মাত্র আট মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম চমৎকার দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ১-১ করেন।

এরপর ৭৭তম মিনিটে টমাস সৌচেকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে বড় ধাক্কা খায় চেকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮২তম মিনিটে ও হিয়ন-গুর গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বমের নিখুঁত ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি চেক প্রজাতন্ত্র। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোরিয়ানরা।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর সঙ্গে জয় পাওয়া দলের তালিকায় নাম লেখাল দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তাদের সাফল্যের ধারাও অব্যাহত থাকল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)