শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চার গোলের ঝড়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নিজেদের মাটিতে বিশ্বকাপের সূচনা স্মরণীয় করে রাখল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলতে খেলতে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিকরা।

১৯৯৪ সালের পর আবারও বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আর সেই মঞ্চে ইতিহাস গড়ে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে বিশ্বকাপ জয় তুলে নিয়েছে মার্কিনরা। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করার কীর্তিও গড়েছে দলটি।

ফোলারিন বালোগুনের জোড়া গোলের সঙ্গে জিওভান্নি রেইনার একটি গোল এবং প্যারাগুয়ের একটি আত্মঘাতী গোল মিলিয়ে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের তৈরি করা আক্রমণ থেকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

এরপর ৩১তম মিনিটে বালোগুন ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্ট্রাইকার।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধে তিন গোলের লিড নেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য প্রথম।

নিউইয়র্কে জন্ম নেওয়া এবং ইংল্যান্ডে বেড়ে ওঠা ফোলারিন বালোগুন বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করে আলোচনায় চলে আসেন। ১৯৩০ সালের পর বিশ্বকাপে কোনো মার্কিন খেলোয়াড়ের এক ম্যাচে একাধিক গোল করার এটিই প্রথম ঘটনা।

ইংল্যান্ডের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘদিনের স্ট্রাইকার সংকটের সমাধান হতে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রথমার্ধে একটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দেন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে বিরতির পর তাকে মাঠে দেখা যায়নি। যদিও তার শারীরিক অবস্থা নিয়ে বড় কোনো শঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি।

দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে প্রাদো মরিসিও গোল করে প্যারাগুয়ের ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা। বরং শেষদিকে জিওভান্নি রেইনা বক্সের ভেতর চমৎকার টো-ফ্লিকে গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবলের প্রদর্শনী করে বিশ্বকাপ মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ পারফরম্যান্স দিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে—এবার শুধু অংশ নিতে নয়, অনেক দূর যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)