শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ মঞ্চে ইরানের লড়াকু ড্র

প্রকাশিত - ১৬ জুন, ২০২৬   ১০:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের মঞ্চে নাটকীয় এক লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইরান। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই রাজনৈতিক আবহ ছড়িয়ে পড়ে। গ্যালারিতে দেখা যায় বিভিন্ন ধরনের ইরানি পতাকা, পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও। জাতীয় সংগীত চলাকালে দুয়ো ও সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া শোনা যায় দর্শকদের কাছ থেকে।

মাঠে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরান। কিন্তু ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের পাস থেকে এলিজাহ জাস্ট গোল করে দলকে লিড এনে দেন।

গোল হজমের পরও আক্রমণের ধার বজায় রাখে ইরান। একাধিক সুযোগ তৈরির পর ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে তারা। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।

বিরতির পর ৫৪ মিনিটে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজাহ জাস্ট। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তবে এবারও হার মানেনি ইরান। ৬৪ মিনিটে রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেব্বি দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে ফেরান দলকে। এরপর দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজাহ জাস্ট, আর ইরানের হয়ে গোল দুটি করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেব্বি।

এই ড্রয়ে গ্রুপ ‘জি’-তে এক পয়েন্ট করে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দুই দল। ইরান তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়ামের, আর নিউজিল্যান্ড খেলবে মিশরের বিপক্ষে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)