২৪ঘণ্টা অনলাইন: বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিস। ৪১ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসকে স্মরণীয় জয় উপহার দিয়েছেন তিনি।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে সিয়াটল অর্কাসের দেওয়া ২২১ রানের বিশাল লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে এবং ৯ বল বাকি থাকতেই টপকে যায় টেক্সাস সুপার কিংস।
রান তাড়ায় শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে ডু প্লেসিস। মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করে তিনি গড়েন নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ১১৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।
ডু প্লেসিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রাইলি রুশো। তিনি ২১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে দুজন মিলে ৩৭ বলে ৯৫ রানের জুটি উপহার দেন। শেষদিকে উইয়ান মুল্ডার ১৫ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন সিয়াটল অর্কাসের ওপেনার টিম সিফার্ট। ৬৬ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার শায়ান জাহাঙ্গির ৪৭ বলে করেন ৭৮ রান। দুজনের ১৯১ রানের উদ্বোধনী জুটিতে ২২০ রানের বড় সংগ্রহ পায় সিয়াটল।
তবে ডু প্লেসিসের ব্যাটিং ঝড়ে শেষ পর্যন্ত সেই সংগ্রহও যথেষ্ট হয়নি। বল হাতে টেক্সাসের নান্দ্রে বার্গার উইকেটশূন্য থাকলেও ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে প্রতিপক্ষকে চাপে রাখেন।
