শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

প্রকাশিত - ২২ জুন, ২০২৬   ০১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে ইরান ফুটবল দল। ভেন্যু কর্তৃপক্ষ, সমর্থক এবং নিজেদের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা সেই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মার্কিন প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরান দলকে। দেশ ছাড়ার আগে তারা ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায়, যার ছবি পরে প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।

চিঠিতে লেখা হয়, “হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান পর্যন্ত, আমাদের চেতনা অটুট ও জীবন্ত রয়েছে।” পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, “আমরা গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়েই বিদায় নিচ্ছি।”

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে ইরান লিখেছে, “প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, কণ্ঠ ও ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন করেছে।” একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বানও জানানো হয় চিঠিতে।

চিঠিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটিও উল্লেখ করা হয়। এটি সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের স্মরণে প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আলোচনায় ছিল। যদিও ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, তবু দলটি তাদের বেসক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোর তিজুয়ানায়। ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে এসে খেলে আবার দ্রুত মেক্সিকোতে ফিরে যেতে হচ্ছে তাদের।

এদিকে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ০-০ গোলে রুখে দিয়েছে ইরান। ম্যাচজুড়ে বেলজিয়ামের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ।

টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ইরান। যদিও বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর সাময়িকভাবে গ্রুপের শীর্ষে উঠেছিল তারা, পরে মিসরের জয়ে এক ধাপ নিচে নেমে যায়। তবুও কঠিন গ্রুপে ইরানের লড়াকু পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)