শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাবিতে এসে রাষ্ট্রদূত বললেন ‘মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি’

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বলেন, “মনে হচ্ছে আমি আর্জেন্টিনাতেই আছি।”

২২ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক (মুহসীন) হলের মাঠে আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠে জড়ো হতে শুরু করেন শত শত শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী।

বাংলাদেশের দর্শক ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত সেসো বলেন, “এখানে এসে নিজের দেশের মতো অনুভব করছি। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসা সত্যিই অসাধারণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রুলি। তিনি বাংলা ও ইংরেজির মিশেলে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।” তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

ম্যাচটি রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকেই সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে মুহসীন হলের মাঠ। আয়োজনকে প্রাণবন্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনারও ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান লান্দে, সাংস্কৃতিক দূত ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।

আর্জেন্টিনা দলকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে অতিথিরা বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন। পুরো আয়োজন যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)