রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

১৩ বছর পর সেই শহরে আশরাফুল

প্রকাশিত - ২৪ জুন, ২০২৬   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ক্রিকেটার হিসেবে যে দেশ থেকে আন্তর্জাতিক যাত্রার শুরু, সেই জিম্বাবুয়েতেই ১৩ বছর পর ফিরছেন মোহাম্মদ আশরাফুল। তবে এবার আর ব্যাট হাতে নয়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

দীর্ঘ এক যুগের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেছেন আশরাফুল। ক্যারিয়ারের শুরু এবং শেষ—দুটোই জিম্বাবুয়ের মাটিতে। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। আর ২০১৩ সালে একই দেশে খেলেছিলেন জাতীয় দলের জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ।

বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে রওনা হওয়ার আগে স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, “১৩ বছর পর আবার জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছি। গত সাত মাস ধরে দেশের মাটিতে দলের সঙ্গে কাজ করেছি। এবার প্রথমবারের মতো কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছি। যেখানে আমার ক্রিকেট জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেখানে নতুন দায়িত্ব নিয়ে ফিরছি।”

তিনি আরও বলেন, “আমার আন্তর্জাতিক ক্রিকেটের শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে। শেষ সিরিজটাও খেলেছিলাম সেখানেই। এত বছর পর আবার সেই দেশে ফিরছি, তবে এবার ব্যাটিং কোচ হিসেবে।”

চার বছর পর জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

বিশেষ তাৎপর্য হলো, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বুলাওয়েতে—যে মাঠে দুই দশকের বেশি আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পথচলা শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এবার সেই শহরেই নতুন পরিচয়ে ফিরছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকার কথা রয়েছে তাঁর।...
মেজর চাকলাদার (অব.)