২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রবেশ করে টাইগাররা। এরপর একই বছরের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
দীর্ঘ এই যাত্রায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এখনও সীমিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে উন্নতির স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। ২৬ বছরে বাংলাদেশ মোট ১৫৮টি টেস্ট খেলেছে। এর মধ্যে জয় এসেছে ২৭টিতে, হার ১১২টিতে এবং ড্র হয়েছে ১৯টি ম্যাচ।
টেস্ট ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১০০টি টেস্ট খেলার কীর্তি গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে দলগত অর্জনের দিক থেকে সাম্প্রতিক সময়টাই সবচেয়ে আশাব্যঞ্জক।
২০২০ সালের পর থেকে বাংলাদেশ খেলেছে ৪১টি টেস্ট, যেখানে জয় পেয়েছে ১৪ ম্যাচে। এই সময়ের সবচেয়ে বড় সাফল্য ছিল নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়। মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে সেই কীর্তি গড়ে বাংলাদেশ।
আরও ইতিবাচক চিত্র দেখা যায় ২০২৩ সালের পরিসংখ্যানে। এ সময় ২২টি টেস্টের মধ্যে ১১টিতে জয় পেয়েছে টাইগাররা। জয়ের সংখ্যায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। জয়ের হারের দিক থেকেও দলটির অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
তবে এখনও কিছু অপূর্ণতা রয়ে গেছে। টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছর পরও ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে আগামী ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে নতুন একটি টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেখানেও জয় পেলে টেস্ট ক্রিকেটে নিজেদের সাফল্যের খাতায় যোগ হবে আরেকটি নতুন অধ্যায়।
