২৪ঘণ্টা অনলাইন: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নন, বিলাসবহুল জীবনযাপন ও ব্যতিক্রমী শখের কারণেও আলোচনায় থাকেন। তার অন্যতম শখ হলো দামি ও বিরল ঘড়ি সংগ্রহ করা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নেইমারের ব্যক্তিগত ঘড়ির সংগ্রহের মূল্য প্রায় ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৬ কোটিরও বেশি টাকা।
সম্প্রতি তিনি প্রায় ১০ লাখ ডলার ব্যয়ে ‘অ্যাস্ট্রোনোমিয়া ড্রাগন অ্যান্ড টাইগার’ নামের একটি বিলাসবহুল ঘড়ি সংগ্রহ করেছেন। জ্যাকব অ্যান্ড কোং-এর তৈরি এই ঘড়িটি সাদা সোনা, শত শত হীরা, নীলকান্তমণি ও পান্না দিয়ে নির্মিত এবং এতে ড্রাগন ও বাঘের সূক্ষ্ম নকশা রয়েছে।
নেইমারের সংগ্রহে থাকা সবচেয়ে বিরল ঘড়িগুলোর মধ্যে রয়েছে ‘রিচার্ড মিল আরএম ৬৮-০১ সিরিল কঙ্গো’। বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ৩০টি ঘড়ি তৈরি হয়েছে এবং এর একটির মূল্য প্রায় ১৬ লাখ পাউন্ড। এছাড়া তার সংগ্রহে ক্যাসিনো টুরবিয়োঁ, ওপেরা গডফাদার, এপিক এসএফ২৪ ওয়ার্ল্ড টাইম টাইটানিয়াম এবং বুগাত্তি শিরন টুরবিয়োঁর মতো উচ্চমূল্যের ঘড়িও রয়েছে।
ঘড়ির পাশাপাশি রোলেক্সের বিভিন্ন মডেল এবং ব্যাটম্যান থিমের কাস্টমাইজড ঘড়িও সংগ্রহে রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠের বাইরে বিলাসবহুল শখের জন্য পরিচিত হলেও, ভক্তদের নজর এখন তার মাঠে ফেরার দিকে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের ছাপ রাখার অপেক্ষায় রয়েছেন নেইমার।
