শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের সাবেক কোচকে নিল জিম্বাবুয়ে

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০৭:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। গত ২৩ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়ালশ। তার অধীনে দলটির বোলাররা দারুণ নৈপুণ্য দেখান। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করে জিম্বাবুয়ে এবং সুপার এইট পর্বে জায়গা করে নেয়। একইসঙ্গে নিশ্চিত করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণও।

ওয়ালশ এর আগে ২০১৬ থেকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের পেসারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশ অধ্যায়ের পর ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন ওয়ালশ। এছাড়া ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল পরামর্শক ছিলেন। দীর্ঘ কোচিং অভিজ্ঞতার কারণে তাকে জিম্বাবুয়ের বোলিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

এদিকে প্রধান কোচ জাস্টিন স্যামন্সের নেতৃত্বাধীন কোচিং স্টাফে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যাটিং কোচ হিসেবে ডিয়ন ইব্রাহিম এবং ফিল্ডিং ও লোয়ার অর্ডার ব্যাটিং কোচ হিসেবে স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি দায়িত্বে বহাল থাকছেন।

এছাড়া জিম্বাবুয়ে ‘এ’ দল ও ঈগলসের ম্যানেজার সাবেক অলরাউন্ডার চামু চিভাবাভাকে সিনিয়র দলের ম্যানেজার দিলীপ চৌহানের সহকারী হিসেবে যুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখছেন সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা।

বর্তমানে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় জয় দিয়ে নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে সিরিজে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। এর মধ্যেই কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের ঘোষণা দিল জিম্বাবুয়ে ক্রিকেট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)