২৪ঘণ্টা অনলাইন:বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে পাওয়া কঠিন জয়ের পর দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে কয়েকটি পরিবর্তন আনা হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে নিকোলাস তাগলিয়াফিকোর প্রত্যাবর্তন, আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের অন্তর্ভুক্তি এবং মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের সুযোগ পাওয়া।
ফলে ফাকুন্দো মেদিনা, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা শুরুর একাদশ থেকে বাদ পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পারেদেসকে নিয়ে স্কালোনি বলেন, চোটের কারণে তিনি শুরু থেকে সব ম্যাচ খেলতে পারেননি। তবে বর্তমানে তিনি অনেকটাই ফিট এবং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। তার অনুপস্থিতিতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।
কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন স্কালোনি। তিনি বলেন, শুধুমাত্র বলের দখল ধরে রাখাই লক্ষ্য নয়, প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকাতেও আরও সংগঠিত হতে হবে। ধৈর্য ধরে আক্রমণ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিপক্ষ মিশরকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি। তার মতে, মিশর একটি আক্রমণাত্মক দল এবং তারা প্রতিপক্ষকে চাপে রাখতে জানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ লড়াই শেষে জয় পাওয়া দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে একাদশে পরিবর্তন এলেও আর্জেন্টিনার খেলার দর্শন ও কৌশলে বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী দল ভিন্নভাবে খেলতে সক্ষম হলেও মূল পরিকল্পনা অপরিবর্তিত থাকবে।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
