২৪ঘণ্টা অনলাইন: ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কঠিন এই লড়াইয়ের আগে প্রতিপক্ষের শক্তিমত্তার স্বীকৃতি দিলেও আর্জেন্টিনাকে ‘অপরাজেয়’ মনে করছেন না সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ওঠা সুইজারল্যান্ড আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে। এর আগে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির দল।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুরাত ইয়াকিন বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিশেষ সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা ও খেলার ধরন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে।”
তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ আর্জেন্টিনাকে নিয়ে তুলনামূলক বেশি সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, একজন দক্ষ কোচ আছেন এবং বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসিও আছেন। আমরা জানি, তাদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে।”
এদিকে কোয়ার্টার ফাইনালের আগে সুইজারল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তার নাম ইয়োহান মানজাম্বি। চলতি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ তিন গোল করা এই ফরোয়ার্ড অনুশীলনে হাঁটুর চোট পেয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তার ফিট হয়ে ওঠা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
মানজাম্বির চোট প্রসঙ্গে ইয়াকিন বলেন, “এ ধরনের চোট দ্রুত সেরে ওঠে না। এখনো আমরা নিশ্চিত নই ঠিক কী ধরনের চোট সে পেয়েছে। যদি সে খেলার মতো অবস্থায় থাকে, অবশ্যই তাকে দলে রাখা হবে। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।”
এরই মধ্যে চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজকেও পাচ্ছে না সুইজারল্যান্ড। ফলে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে দলটির স্কোয়াড নিয়ে কিছুটা উদ্বেগ থেকেই যাচ্ছে।
তবুও আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইসরা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের শেষ আটে উঠে তারা এবার চ্যাম্পিয়নদের বিপক্ষে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।
