২৪ঘণ্টা অনলাইন: ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। শেষ আটের অন্যতম আলোচিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী মরক্কো। কাতার বিশ্বকাপের স্মরণীয় লড়াইয়ের পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই দলের।
ম্যাচের আগে ইতিহাস ও পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, কোয়ার্টার ফাইনালের মঞ্চে ফ্রান্স অনেক বেশি অভিজ্ঞ। বিশ্বকাপ ইতিহাসে এটি হবে ফরাসিদের নবম কোয়ার্টার ফাইনাল। এর আগে খেলা আট ম্যাচের মধ্যে ছয়বার তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯৯৮ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নের ট্রফিও জিতেছিল ফ্রান্স।
তবে সফলতার পাশাপাশি শেষ আটে হতাশার স্মৃতিও রয়েছে ফরাসিদের। অতীতে জার্মানি ও ইতালির কাছে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
অন্যদিকে মরক্কোর জন্য এটি বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। কিন্তু অল্প সময়েই তারা গড়ে ফেলেছে অনন্য এক কীর্তি। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল অ্যাটলাস লায়ন্সরা।
এবারও শেষ আটে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস লিখেছে মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুই আসরে কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ড গড়েছে তারা।
পরিসংখ্যান বলছে, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের অভিজ্ঞতা বেশি হলেও এই পর্যায়ে মরক্কোর সাফল্যের হার শতভাগ। তাই বোস্টনের মাঠে দুই দলের লড়াইয়ে উত্তেজনা যে চরমে থাকবে, তা বলাই যায়।
