২৪ঘন্টা অনলাইন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলগত কাঠামোয় বড় কোনো পরিবর্তন আনতে চান না কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে জয় পাওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই একাদশে জায়গা ধরে রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মিশরের বিপক্ষে নাটকীয় ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচের বড় সময়জুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কিছু ভুলের কারণে চাপে পড়তে হয়েছিল আলবিসেলেস্তেদের।
সেই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় স্কালোনি মূল একাদশে আস্থা রাখলেও দুটি পজিশন নিয়ে এখনও ভাবছেন। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে সুযোগ দেওয়া হবে কি না, সেটিও আলোচনায় রয়েছে।
মিশরের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছিলেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো একটি গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন। ফলে কোয়ার্টার ফাইনালের আগে স্কালোনির জন্য নির্বাচন কিছুটা কঠিন হয়ে উঠেছে।
আগামী কয়েকটি অনুশীলন সেশন শেষে চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন আর্জেন্টিনা কোচ। তবে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।
