শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রোনালদো ইস্যুতে স্পষ্ট জেসুস

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৬   ১২:৫৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো যতদিন নিজেকে প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য প্রস্তুত রাখতে পারবেন, ততদিন জাতীয় দলের দরজা তার জন্য খোলা থাকবে।

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে প্রতিটি ম্যাচে মূল একাদশে খেলেছিলেন রোনালদো। পাঁচ ম্যাচে তিন গোল করলেও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি তাকে। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি এটিই নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দেন। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

বিশ্বকাপ শেষে রবার্তো মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব নেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পরই তিনি রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জেসুস বলেন, “রোনালদো যতদিন খেলতে চাইবে এবং জাতীয় দলের জন্য নিজেকে উপযুক্ত প্রমাণ করতে পারবে, ততদিন সে দলে জায়গা পাওয়ার যোগ্য। অবশ্যই জাতীয় দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

আল নাসরে কাজ করার সময় রোনালদোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জেসুসের। তিনি জানান, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে কখনো দলের জন্য সমস্যা হিসেবে দেখেননি।

নতুন কোচ বলেন, “ক্রিশ্চিয়ানো পর্তুগিজ ফুটবলের একটি প্রতীক। জাতীয় দলের ইতিহাসে তার অবদান অনন্য। তার সঙ্গে কাজ করা সবসময়ই সহজ ছিল এবং আমি তা উপভোগ করেছি।”

তবে এখনো রোনালদোর সঙ্গে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে সরাসরি আলোচনা হয়নি বলে জানান জেসুস। শিগগিরই তার সঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি।

আল নাসরে একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে জেসুস বলেন, “আমি জানি সে আল নাসরেই নিজের ক্যারিয়ার শেষ করতে চায়। ক্লাবে একসঙ্গে থাকার সময় সে আমাকে বহুবার এ কথা বলেছে।”

উল্লেখ্য, হোর্হে জেসুসের সঙ্গে পর্তুগাল ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ওই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। ফলে রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে জেসুসের সিদ্ধান্ত আগামী বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)