শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

স্পেনকে ভয় পায় না ফ্রান্স

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ০১:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল মন্তব্য করেছিলেন, “ফ্রান্সের উচিত স্পেনকে ভয় পাওয়া।” তবে এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে ফরাসি শিবির জানিয়েছে, তারা প্রতিপক্ষকে সম্মান করলেও ভয় পাচ্ছে না।

১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে, গত দুই বিশ্বকাপেই ফাইনাল খেলেছে ফ্রান্স। সাম্প্রতিক সময়ে ইউরো ২০২৪ এবং নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে হারিয়েছে স্পেন।

সংবাদ সম্মেলনে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, “আপনি কাউকেই ভয় পেতে পারেন না। আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নেব এবং আশা করছি ফলাফল আমাদের পক্ষেই থাকবে।”

চলতি বিশ্বকাপে স্পেন দুর্দান্ত রক্ষণভাগের প্রদর্শনী করেছে। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে সেই একমাত্র গোলটি খেয়েও জয় নিশ্চিত করে শেষ চারে ওঠে লা রোজা।

স্পেনের শক্তিমত্তার কথা স্বীকার করে কোনাতে বলেন, “স্পেন একটি অসাধারণ দল। তাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। লামিন ইয়ামাল দুর্দান্ত ফুটবলার হলেও আমরা শুধু একজন খেলোয়াড়কে নিয়ে ভাবছি না।”

ফ্রান্সের লক্ষ্য এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো। তবে কোনাতে জানিয়েছেন, সেমিফাইনালের আগে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না।

তিনি বলেন, “আমরা বাস্তবতায় থাকতে চাই। এখন শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি।”

ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সও একই সুরে কথা বলেছেন। তার মতে, স্পেনকে ভয় না পেলেও তাদের মানসম্পন্ন দল হিসেবে যথেষ্ট সম্মান করে ফরাসিরা।

ল্যাক্রোইক্স বলেন, “আমি ‘ভয়’ শব্দটি ব্যবহার করব না। তবে আমরা তাদের সামর্থ্য সম্পর্কে সচেতন। তারা দুর্দান্ত খেলছে এবং দলে অনেক উচ্চমানের ফুটবলার রয়েছে। কিন্তু আমরাও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

স্পেনের আক্রমণের বড় অস্ত্র লামিন ইয়ামালকে থামানো ফ্রান্সের অন্যতম চ্যালেঞ্জ হবে। এ বিষয়ে ল্যাক্রোইক্স বলেন, “লামিন অসাধারণ একজন খেলোয়াড়। সে এই বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তাকে থামাতে আমাদের যা করার প্রয়োজন, আমরা সেটাই করব।”

সব মিলিয়ে, সেমিফাইনালের আগে কথার লড়াই শুরু হলেও ফরাসি শিবির স্পষ্ট করে দিয়েছে—তারা স্পেনকে সম্মান করে, তবে ভয় পায় না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)