শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কড়া নিরাপত্তা

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৬:২৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা হতে যাচ্ছে এই দুই পরাশক্তির। ম্যাচকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি নিরাপত্তা নিয়েও বিশেষ প্রস্তুতি নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। স্টেডিয়াম এলাকা, বিনোদন কেন্দ্র এবং দর্শনার্থীদের ভিড় বেশি থাকে এমন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

আটলান্টা পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ দুই দেশের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। সেই যুদ্ধের স্মৃতি আজও দুই দেশের জনগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে রয়েছে।

বিশ্বকাপের মঞ্চেও দুই দলের লড়াই বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে বিভিন্ন নাটকীয় মুহূর্ত ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথকে আলাদা মাত্রা দিয়েছে।

এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে জয় পাওয়ার পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে খেলোয়াড়দের একটি গান গাইতে দেখা যায়, যেখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির প্রসঙ্গ উঠে আসে। বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয় ফুটবল মহলে।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের এই মহারণ ঘিরে তাই মাঠের উত্তেজনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও থাকছে সর্বোচ্চ সতর্কতায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)