শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফুটবলের পর পোকারেও ব্যর্থ নেইমার

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৬:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের হতাশা কাটার আগেই আরেক প্রতিযোগিতায় ব্যর্থতার মুখ দেখেছেন নেইমার। তবে এবার ফুটবল মাঠে নয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্টে।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর সময় কাটাতে ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এর একটি ইভেন্টে অংশ নেন ব্রাজিলিয়ান তারকা। ১০ হাজার ডলার এন্ট্রি ফি’র এই প্রতিযোগিতায় বড় প্রত্যাশা নিয়ে খেলতে নামলেও প্রথম দিনেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাকে।

লাস ভেগাসের হর্সশু অ্যান্ড প্যারিস হলে অনুষ্ঠিত এ আসরে নেইমারের সঙ্গে অংশ নিয়েছিলেন ব্রাজিলের পরিচিত পোকার খেলোয়াড় আন্দ্রে আক্কারি ও রাফায়েল মোরায়েস। আয়োজকরাও তার অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়েছিল।

যদিও ফলাফল তার পক্ষে যায়নি, তবুও খেলার ধরন প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পরিচিত পোকার খেলোয়াড় ফারাজ জাকা বলেন, নেইমার বেশ কয়েকটি চমৎকার কৌশল প্রয়োগ করেছেন এবং প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে সক্ষম হয়েছেন।

পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলায় অংশ নিচ্ছেন। ২০২২ সালে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রায় ২ হাজার ২০০ প্রতিযোগীর মধ্যে ৪৯তম স্থান অর্জন করে আলোচনায় এসেছিলেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড সিরিজ অব পোকার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেশাদার পোকার প্রতিযোগিতাগুলোর একটি। ২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলা এবারের আসরে মোট ১০০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের হতাশা কাটাতে নতুন চ্যালেঞ্জে নামলেও এবার সাফল্যের দেখা পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে মাঠের বাইরে ভিন্ন এক প্রতিযোগিতায় অংশ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন নেইমার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)