২৪ঘন্টা অনলাইন: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশিত শুরু করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কথাই তুলে ধরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় হৃদয় বলেন, টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ছিল কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর জন্য। বোলাররা পরিকল্পনা অনুযায়ী ভালোই করেছেন এবং প্রতিপক্ষকে নিয়ন্ত্রণেও রেখেছিলেন।
তিনি বলেন, “আমরা সকালের কন্ডিশনের সুবিধা নিতে চেয়েছিলাম। বোলাররা ভালো করেছে, তবে কিছু জায়গায় এখনও উন্নতির সুযোগ রয়েছে। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল এবং আমরা ম্যাচে ভালো অবস্থানেও ছিলাম।”
ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গে হৃদয় বলেন, ১৭০ থেকে ১৮০ রান তাড়া করতে হলে অন্তত কয়েকটি বড় জুটি প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই কাজটি করতে পারেননি।
তার ভাষায়, “ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এমন লক্ষ্য তাড়া করতে পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। আমরা সেখানেই পিছিয়ে পড়েছি। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।”
হারের ম্যাচেও আলো ছড়িয়েছেন পেসার নাহিদ রানা। চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। অধিনায়ক হৃদয়ও তার প্রশংসা করে বলেন, “নাহিদ অসাধারণ বোলিং করেছে। তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। গত কয়েকটি সিরিজ ধরেই সে ধারাবাহিকভাবে ভালো করছে। আশা করি সামনে আরও ভালো করবে।”
প্রথম ম্যাচে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক।
