শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে ফুটবল উৎসব

প্রকাশিত - ১৮ জুলাই, ২০২৬   ১১:৩৭ পিএম
webnews24

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে ঘিরে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’। আগামীকাল ১৯ জুলাই জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।

আয়োজকরা জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বিশেষ ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, ই-স্পোর্টস টুর্নামেন্ট, ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, লাইভ মিউজিক এবং ফুড জোন।

এছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাক্টিভেশন কার্যক্রমও অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেবেন।

আয়োজনটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পাওয়ারড বাই স্পনসর হিসেবে রয়েছে টি.কে. গ্রুপ।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। তারা দেশের ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ এবং সাধারণ দর্শকদের মাঠে এসে বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)