শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রেফারির কঠোরতা চায় স্পেন

প্রকাশিত - ১৮ জুলাই, ২০২৬   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ম্যাচ পরিচালনা নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন স্পেনের ডিফেন্ডার এমরিক লাপোর্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি রেফারিদের নিরপেক্ষ ও কঠোর ভূমিকার আহ্বান জানিয়েছেন।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

ফাইনালের আগে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে লাপোর্তে দাবি করেন, আর্জেন্টিনা প্রায়ই শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। তাই ম্যাচের শুরু থেকেই রেফারিদের সতর্ক ও দায়িত্বশীল থাকার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “খেলার নিয়ন্ত্রণ ধরে রাখা রেফারির দায়িত্ব। কোনো খেলোয়াড় বারবার সীমা অতিক্রম করলে সেটি উপেক্ষা করা উচিত নয়। অন্যথায় ম্যাচের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে।”

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের প্রসঙ্গও টানেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ওই ম্যাচে আর্জেন্টিনার একাধিক কঠোর ট্যাকল এবং বেশ কিছু ফাউল নিয়ে আলোচনা হয়েছিল। বিশেষ করে ম্যাচের শুরুতে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর এনজো ফার্নান্দেসের একটি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন ওঠে।

লাপোর্তের ভাষ্য, “নিয়মের মধ্যে থাকা আগ্রাসী ফুটবল খেলাটিরই অংশ। তবে কিছু পরিস্থিতিতে এমন কিছু সিদ্ধান্ত দেখা গেছে, যা বিস্ময়ের জন্ম দিয়েছে। কিছু ঘটনায় প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই মনে হয়েছে।”

তিনি আরও বলেন, “আর্জেন্টিনা এমন একটি দল যারা শারীরিক উপস্থিতি দিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে সবকিছুই নিয়মের মধ্যে থাকা জরুরি। রেফারিদের সঠিক সিদ্ধান্তই ম্যাচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।”

বিশ্বকাপের ফাইনালের আগে দুই দলের মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবেই লাপোর্তের এই মন্তব্যকে দেখছেন অনেক বিশ্লেষক। এখন মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)